দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ জয়ের আনন্দে যখন সতীর্থরা উল্লাসে মেতে উঠেছেন, তখন লামিনে ইয়ামালকে দেখা গেল ভিন্ন এক দৃশ্যে। শেষ বাঁশি বাজার পরই মাঠে হাঁটু গেড়ে বসে দুই হাত তুলে মোনাজাত করেন স্পেনের এই তরুণ তারকা। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানানোর সেই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। শিরোপা নিশ্চিত হওয়ার পর ইয়ামাল কিছুক্ষণ মাথা নিচু করে হাঁটু গেড়ে বসে থাকেন। এরপর দুই হাত দিয়ে মুখ ঢেকে নীরবে প্রার্থনা করেন। দীর্ঘ ও কঠিন একটি টুর্নামেন্টের পর বিশ্বজয়ের আবেগ তার অভিব্যক্তিতেই ফুটে ওঠে।
ব্যক্তিগত জীবনে ইয়ামালকে খুব বেশি ধর্মীয় কর্মকাণ্ডে প্রকাশ্যে দেখা না গেলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন। চলতি বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গোল করার পরও তিনি মাঠে সিজদা দিয়ে উদযাপন করেছিলেন।
এর আগেও ধর্মীয় অনুশীলনের কারণে আলোচনায় এসেছিলেন স্পেনের এই উইঙ্গার। ২০২৫ সালের রমজানে রোজা রেখেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে খেলেছিলেন তিনি। সেই ম্যাচে রোজা অবস্থায় একটি অ্যাসিস্ট করার পর ইফতারের পর একটি গোলও করেছিলেন। সে সময় বার্সেলোনা তার জন্য বিশেষ ব্যবস্থাও রেখেছিল।
শুধু ধর্মীয় অনুশীলন নয়, সামাজিক বিষয়েও ইয়ামালের অবস্থান আলোচনার জন্ম দিয়েছে। গত মে মাসে বার্সেলোনার লা লিগা শিরোপা উদযাপনের সময় ছাদখোলা বাসে ফিলিস্তিনের পতাকা ওড়াতে দেখা যায় তাকে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা হয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সমালোচনা করলেও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইয়ামালের পক্ষে অবস্থান নেন।
এবার বিশ্বকাপ জয়ের মঞ্চেও নিজের স্বভাবসুলভ বিনয় ধরে রাখলেন ইয়ামাল। উচ্ছ্বাসের আগে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানানোর সেই দৃশ্য বিশ্বজয়ের রাতকে আরও স্মরণীয় করে তুলেছে।
এমএস/